‘কোথাও একটি টায়ারে আগুন দেওয়া হলে বাড়িতে আগুন দেওয়া হবে’—এমন হুঁশিয়ারি দিয়েছেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বুধবার সকালে ভোলায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে নবগঠিত ভোলা জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের সদর রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কুলার রোডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে নির্যাতন-নিপীড়নের কারণে দেশের মানুষ তাঁকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাইসুল আলম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও টায়ার পোড়ানো বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তার পাল্টা জবাব দেওয়া হবে। এ সময় তিনি বলেন, ‘কোথাও একটি টায়ারে আগুন দেওয়া হলে শতাধিক বাড়িতে আগুন দেওয়া হবে।’
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় বা সহযোগিতা করেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।
সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম ফেরদৌস বলেন, ভোলার মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে অগ্নিসংযোগ করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে থাকবে। তাঁরা ভাঙচুরে বিশ্বাস করেন না, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করতে চান। তবে কেউ অশান্তি সৃষ্টি করতে এলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ফখরুল ইসলাম আরও বলেন, প্রতিটি মহল্লা ও মোড়ে যুবদলের নেতাকর্মীরা সতর্ক থাকবেন, যাতে কেউ নাশকতা করে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ।
এ সময় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। ভোলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এর আগে নবগঠিত জেলা যুবদলের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাত হাজার পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি


