নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে জয় পেলেও ধীরগতির ওভার-রেটের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে সাত ওভার পিছিয়ে ছিল সফরকারীরা; এমনকি অতিরিক্ত সময়ের সুবিধা পেয়েও সেই ঘাটতি মেটাতে পারেনি তারা। এ অপরাধে ভারতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এ শাস্তি আরোপ করেন। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে সিরিজের শেষ দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ার রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। উল্লেখ্য, ওই ম্যাচে ২০৯ রানের পুঁজি নিয়ে ২২ রানের জয়ের মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছিল ভারত।
আইসিসির ‘কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেল’-এর ২.২২ ধারা অনুসারে, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভার ঘাটতির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা গুনতে হয়, যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
ভারতীয় দলের জন্য ওভার-রেট সংক্রান্ত শাস্তি অবশ্য নতুন নয়। এর আগে গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একই কারণে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ শেষেও ধীরগতির ওভার-রেটের দায়ে জরিমানার মুখে পড়েছিল দলটি।
পড়ুন : সেমিফাইনাল হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় পেল বাংলাদেশ
সা/


