সরকারি জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া উপজেলার সরকারি খাস খতিয়ানভুক্ত ৪০ একর জমি দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিমন হাওলাদারের বিরুদ্ধে। চাষাবাদে বাধা দেওয়ায় ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলামকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোমোরহাট বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে শতাধিক মানুষ অংশ নেন।

ভূমি কর্মকর্তা তরিকুল ইসলামের অভিযোগ, বুধবার আমতলীর ছোনাউড়া এলাকায় সরকারি জমিতে চাষাবাদে বাধা দিতে গেলে লিমন হাওলাদার ও তাঁর লোকজন তাঁকে গালাগাল ও লাঞ্ছিত করেন। তাঁকে ফাঁসাতে তরমুজের চারা নষ্ট করে দায় তাঁর ওপর চাপানোরও চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, কলাপাড়া ও আমতলীর সীমান্তবর্তী টিয়াখালী নদী ভরাট হয়ে শতাধিক একর জমি চাষাবাদের উপযোগী হয়েছে। এর মধ্যে কলাপাড়ার ধানখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিও রয়েছে। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর লিমন ও তাঁর সহযোগীরা জমি দখল করে দুই বছর ধরে ধান ও তরমুজ চাষ করছেন। তবে কোনো সরকারি বন্দোবস্ত নেননি।

গত ৯ নভেম্বর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক জমি পরিদর্শন করে চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানান এবং ফসল সরকারি কোষাগারে জমার নির্দেশ দেন। অভিযোগ, নির্দেশনা অমান্য করে ১১৯৯ নম্বর দাগের ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়।

ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, লিমনের নেতৃত্বে জমি দখল ও চাষাবাদ করা হয়েছে এবং বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে লিমন বলেন, তিনি নিষেধাজ্ঞা অমান্য করেননি; বরং সরকারি কর্মকর্তা তরমুজের চারা নষ্ট করেছেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইয়াসিন সাদিক বলেন, ধানখালী মৌজার সরকারী খাস খতিয়ানের জমি চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দিয়ে এসেছি। নিষেধাজ্ঞা অমান্য ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, সরকারি জমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন