‘এনাফ ইজ এনাফ’- নীরবতার বুক চিরে তারেক রহমানের বজ্রধ্বনি!

সহনশীলতারও সীমা আছে। ধৈর্যেরও শেষ আছে। আর সেই সীমারেখা পেরিয়ে গেলে নীরবতাও একদিন গর্জন হয়ে ফিরে আসে।

প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান এবার উচ্চারণ করলেন মাত্র তিনটি শব্দ -‘এনাফ ইজ এনাফ’।

আগুনের লেলিহান শিখা দিয়ে হয়তো পোড়ানো যায় একটি গাড়ি। ককটেলের বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়া যায় একটি জনপদ। কিন্তু কোটি মানুষের স্বপ্ন, একটি দেশের ভবিষ্যৎ আর গণতন্ত্রের অগ্রযাত্রাকে কি এভাবে থামিয়ে দেওয়া যায়? যারা আগুন দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চায়, তাদের উদ্দেশে এবার বজ্রকঠিন বার্তা প্রধানমন্ত্রীর।

একটি বাক্য। কিন্তু তার অভিঘাত যেন হাজারো শব্দের চেয়েও প্রবল। সহনশীলতার রাজনীতিতে এবার কঠোরতার সুর। প্রতিশোধের পথে নয়, আইনের শাসনের মধ্য দিয়েই নাশকতার জবাব দেওয়ার বার্তা। শ্রমিকের ঘামে গড়ে ওঠে অর্থনীতির ভিত। সেই শ্রমিকের ন্যায্য মজুরির দাবি অস্বীকার করার সুযোগ নেই। সরকারও গঠন করেছে নতুন মজুরি বোর্ড। শুরু হয়েছে বেতন পুনর্নির্ধারণের প্রক্রিয়া।

কিন্তু দাবি আদায়ের মিছিলে যখন মিশে যায় আগুন, ভাঙচুর আর বিস্ফোরণের আতঙ্ক, তখন প্রশ্ন ওঠে -কারা ছিনিয়ে নিতে চাইছে শ্রমিকের আন্দোলন?

পুলিশি তদন্ত ও প্রকাশিত প্রতিবেদনে এসব সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য ও অভিযোগ উঠে এসেছে।

শিল্পাঞ্চল পেরিয়ে নাশকতার আগুন ছড়িয়েছে দেশের অন্য প্রান্তেও। কোথাও আক্রান্ত থানা, কোথাও যানবাহন, কোথাও মানুষের ঘরবাড়ি। আর এই অস্থিরতার মধ্যেই নতুন সমীকরণ রাজনীতির ময়দানে। বিএনপির সঙ্গে নানা প্রশ্নে বিরোধ থাকলেও আওয়ামী লীগের সহিংস তৎপরতা মোকাবিলায় কাছাকাছি অবস্থানে জামায়াত ও এনসিপি। পৃথক কর্মসূচিতে মাঠে থাকার প্রস্তুতিও রয়েছে দলগুলোর।

অর্থাৎ রাজনৈতিক মতপার্থক্যের দেয়াল পেরিয়ে আবারও সামনে আসছে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনা। কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হতে পারে কাদের?

বিদেশে অবস্থানরত শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক আহ্বানে যারা রাজপথে নামছেন, সেই তৃণমূল কর্মীদের সামনে এখন কঠিন বাস্তবতা।

নেতৃত্ব নিরাপদ দূরত্বে থাকলেও গ্রেপ্তার, মামলা কিংবা সংঘাতের ঝুঁকি নিতে হচ্ছে মাঠের কর্মীদেরই। ক্ষমতার স্বপ্ন দেখানো নেতৃত্ব কি তাদের নিরাপত্তার দায়ও নেবে?

গণতন্ত্রে প্রতিবাদ আছে, প্রতিরোধ আছে, সরকারের সমালোচনার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের নামে মানুষের জীবিকা পোড়ানো কিংবা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা কোনোভাবেই গণতান্ত্রিক অধিকার হতে পারে না।

দেশপ্রেম কেবল মুখের স্লোগান নয়। দেশপ্রেম মানে দেশের মানুষের জীবন বাঁচানো, শ্রমিকের রুটি-রুজি রক্ষা করা, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করা।

প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ’ তাই কেবল রাজনৈতিক হুঁশিয়ারি নয়। এটি সরকারের সামনে এক কঠিন পরীক্ষাও। অপরাধীকে আইনের আওতায় আনা, নিরপরাধকে সুরক্ষা দেওয়া আর রাজনৈতিক প্রতিহিংসার বদলে ন্যায়বিচার নিশ্চিত করা।

কারণ আগুনের জবাব আরেকটি আগুন নয়। আগুনের জবাব হতে হবে আইন, বিচার আর রাষ্ট্রের দৃঢ়তায়।

বাংলাদেশ কি আবারও ফিরবে অগ্নিগর্ভ রাজনীতির অন্ধকারে, নাকি প্রধানমন্ত্রীর তিন শব্দের হুঁশিয়ারিতে শুরু হবে সহিংসতার বিরুদ্ধে নতুন অধ্যায়?
উত্তর দেবে সময়।

তবে আজ রাজনীতির আকাশে একটি উচ্চারণই সবচেয়ে প্রবল -এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে। আর নয়!

বিজ্ঞাপন

পড়ুন : ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: রিজভী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন