আগামী দুই বছরের মধ্যে দেশের প্রথম চোখের ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ। এ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে এম এ মতিন চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঐতিহাসিক উদ্যোগের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরে সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলার ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চাই, অর্থের অভাবে দেশের কোনো মানুষ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
পড়ুন : নোয়াখালীতে স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ
সা/


