বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সভায় সিলেকশনের পরিবর্তে সরাসরি নির্বাচনের (ইলেকশন) মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আবুবকরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব মাওলানা আবুল কালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সংগঠনের আগামী দিনের কমিটি কীভাবে গঠিত হবে, তা নিয়ে উপস্থিত শিক্ষক প্রতিনিধি ও নেতৃবৃন্দের সামনে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়—সকল শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণে সরাসরি নির্বাচন (ইলেকশন), নাকি মনোনয়নের (সিলেকশন) মাধ্যমে কমিটি গঠন। দীর্ঘ আলোচনা ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক উপায়ে ‘ইলেকশন’ বা সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন কমিশন বা কমিটি গঠন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের দায়িত্ব অর্পণ করা হয়। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ, চরফ্যাশন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের (আহ্বায়ক) শহিদুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর সায়েদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন কামিল, ফাজিল ও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষক, সুপার ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার এক পর্যায়ে চরফ্যাশন করিমজান কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক হারুন অর রশিদের একটি বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত শিক্ষকদের মধ্যে কিছুটা উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে যুবদলের সাধারণ সম্পাদক হাজী জাহিদুল ইসলাম রাসেল হস্তক্ষেপ করেন এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেন। তার অনুরোধে সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত সকলের কাছে দুঃখ প্রকাশ করলে সভার পরিবেশ পুনরায় শান্ত ও স্বাভাবিক হয়।
সভায় আগত অতিথিরা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন শাখার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে সংগঠনটি মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে একটি নিবেদিতপ্রাণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
পড়ুন : ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক


