মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট ও দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। এ সময় নন্দীগ্রাম ও লুতুঝুড়ি পুঞ্জি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মোট ৫ হাজার ৫৫ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা তামাকজাত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার টাকা। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
পড়ুন : বিভিন্ন জেলার নিরাপত্তায় কাজ করছে ৫৩ প্লাটুন আনসার


