​পাবনার বেড়ায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ

পাবনার বেড়া উপজেলায় টানা তিন দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে হাতিগাড়া গ্রামের মোঃ রেজাউল করিম এর ছেলে মো. জিসান (১৫) নামে এক কিশোরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার দুপুর থেকে বেড়ার বৃশালিকা গ্রামের আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান নিলে শম্ভুপুর, পায়না, কাগমাইরপাড়া ও নতুনপাড়া এলাকার আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপি-অধ্যুষিত হাতিগাড়া গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ বেধে যায়। বিকেল চারটার দিকে বৃশালিকা ও সওদাগরপাড়া এলাকার পরিস্থিতি শান্ত হলে পুলিশ হাতিগাড়ার দিকে অগ্রসর হয় এবং সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
​সংঘর্ষে হাতিগাড়া গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. জিসান (১৫) গুরুতর আহত হয়। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং চিকিৎসার জন্য তাকে বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ছাড়া উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
​
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। ওই দিন নিষিদ্ধ সংগঠন যুবলীগের বেড়া পৌর সভাপতি জাহাঙ্গীর খানের নেতৃত্বে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামে দেশীয় অস্ত্র হাতে মিছিল ও টহল দেওয়া হয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর তারা বেড়া থানা কিছুক্ষণ অবরোধ করে রাখে। সেদিন রাত ১০টার পর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করলে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
​
সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের সময় পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​এদিকে, চলমান অস্থিরতা নিরসনে শনিবার সকালে বেড়া উপজেলা পরিষদে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ ও উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা সহ প্রশাসনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করে বক্তব্য দেন।

​সার্বিক বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন