গাজীপুরের শ্রীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকা লুটের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাতে গাজীপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভী বাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াস নগর এলাকা থেকে ইমরান শেখ (২৪) কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্না পাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে রবিন আহম্মেদকে (২২) গ্রেফতার করা হয়। রবিন স্থানীয় মোস্তফার ছেলে।
পুলিশ সুত্রে জানায়, ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় সাতটি মামলা রয়েছে। রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। আজ শনিবার তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পড়ুন : মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


