লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়িরহাটে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই রাতের আঁধারে একটি দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী হুজাইফা হোসেন।
রবিবার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর প্রতিবেশী আব্দুল আহাদ।
লিখিত বক্তব্যে জানানো হয়, হুজাইফা হোসেন দীর্ঘদিন ধরে বুড়িরহাটে ব্যবসা করে পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়া ও এনজিওর কিস্তি পরিশোধ করে আসছেন। দোকানে প্রায়ই চুরির ঘটনা ঘটায় মালামালের নিরাপত্তার স্বার্থে তিনি এনজিও থেকে ঋণ নিয়ে টিন দিয়ে দোকানটি ঘিরে নির্মাণ করেন।
অভিযোগে বলা হয়, বুড়িরহাটে দীর্ঘদিন ধরে দেড় শতাধিক দোকান থাকলেও সেগুলোর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ কোনো পূর্ব নোটিশ, লিখিত নির্দেশনা কিংবা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ না দিয়েই গত ১৮ নভেম্বর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিবের নেতৃত্বে তাঁর দোকানটি ভেঙে ফেলা হয়। এতে তাঁর এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, বাজারে এতগুলো দোকান থাকতে শুধু আমার দোকানটিকেই কেন উচ্ছেদ করা হলো? দোকানটি নিয়মবহির্ভূত হলে আমাকে নোটিশ দিয়ে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া যেত। কোনো সতর্কতা ছাড়াই রাতের আঁধারে দোকান ভেঙে দেওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।
তিনি আরও বলেন, যেকোনো উচ্ছেদ কার্যক্রম আইন ও যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে হওয়া উচিত। এ সময় তিনি প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন,দোকান ভেঙে দেওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা। উচ্ছেদ কার্যক্রমে যথাযথ আইন ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বাজারের অন্যান্য দোকানের ক্ষেত্রেও একই নিয়ম ও আইন সমানভাবে প্রয়োগ করা। পরিবারের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায়সংগত সমাধানের ব্যবস্থা করা।
নিজের জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ রক্ষায় জেলা প্রশাসক ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী।
এ বিষয়ে হাট ইজারাদার সাইফুল ইসলাম ফারুক বলেন, হাট ইজারা নেওয়ার পর থেকে গত চার-পাঁচ মাস ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমি ইউএনও এবং জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়ে আসছি। ইউএনও সেদিন এসে পেছনের একটি দোকান ভেঙে দিয়ে গেছেন, কিন্তু বাকি স্থাপনাগুলো সেভাবেই পড়ে আছে।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, সেদিন দোকানটি ভাঙ্গা হয়েছে ইউএনও মহোদয় আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা তার নির্দেশ অনুযায়ী কাজ করেছি। এ বিষয়ে আপনি ইউএনও মহোদয়ের কাছে জানেন।
অভিযোগের বিষয়ে জানতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করে বলেন, আমি এখন জেলায় আইনশৃঙ্খলা মিটিংয়ে আছি। এরপর আর কোনো মন্তব্য করেননি।
পড়ুন : কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল


