জেলেদের চালের স্লিপ না দেওয়ায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে হেনস্তা ও হুমকির অভিযোগ

​ভোলার চরফ্যাশন উপজেলার ৩নং চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে জেলেদের চালের স্লিপ বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মো. অহিদুর রহমানকে হেনস্তা, মারধরের চেষ্টা, মোবাইল ফোন ছুড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি বিশেষ কার্যক্রম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সুবিধার্থে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা এবং জেলেদের তালিকা সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনেও পরিষদ কার্যালয়ে আসেন প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়ার অনুরোধে তিনি কার্যালয়ে গিয়েছিলেন।

ভুক্তভোগী অহিদুর রহমান জানান, যখন তিনি জন্মনিবন্ধনের কাজ করছিলেন, তখন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী এবং আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন তুহিন শিকদারের ভাই ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন সিকদারসহ ১০-১৫ জন ব্যক্তি পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তারা জেলেদের চালের স্লিপ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানান।

​জবাবে প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান জানান, জেলেদের চালের তালিকা ও স্লিপ বিতরণসংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সম্পন্ন হয়েছে; এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

​এ কথা বলার পর তারেক আজিজ পাটোয়ারী ও আল আমিন সিকদারের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তারেক আজিজ পানির বোতল হাতে নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে যান এবং আল আমিন সিকদারও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জাকির মিয়াজি নামে এক ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। অভিযোগ রয়েছে, দাবি অনুযায়ী স্লিপ না দিলে পরদিন চাল বিতরণের সময় কর্মকর্তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়া এবং অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

​ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন প্রশাসনিক কর্মকর্তা। এ সময় উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে সান্ত্বনা দেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে জানানোর পরামর্শ দেন।

​এদিকে, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একজন সরকারি কর্মকর্তার সঙ্গে এমন আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী বলেন, “তাকে ফোন দিলে ফোন ধরে না এবং বিভিন্ন পোলাপান নিয়ে ইউনিয়ন পরিষদে সে আড্ডা দেয়। এর আগের বার তিন বারের ভিতরে দুইবার চাল বিতরণ করেছে, আরেকবার এটা কী করছে—আমরা কিছুই জানি না। সে প্রতিনিয়ত অনিয়ম করে চলছে, কতজনের চাল এসেছে একেক রকম তথ্য দিচ্ছে। এজন্য তার সাথে আমার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আমি সেখান থেকে চলে আসি।”

​অভিযোগের বিষয়ে ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির প্রতিনিধি আল আমিন সিকদার বলেন, “ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, নির্দিষ্ট সময়ও অফিস করে না; এতে জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। জেলেদের কার্ড বিতরণের ব্যাপারে আমরা তার সাথে আলোচনা করতে গেলে আমাদের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়, পরে আমরা সেখান থেকে চলে আসি।”

এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘ মাদ্রাজ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) অহিদুর রহমান বিষয়টি আমাকে জানিয়ে, এটি অত্যান্ত দু:খজনক ঘটনা।চালতো ওই এলাকার জেলরাই পাবে,সচিবতো নিজের বাড়িতে নিবে না।”

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন