নিয়ামতপুরে অসময়ের বৃষ্টির হানা, মাঠেই পচনের শঙ্কায় আমন ধান

নওগাঁর নিয়ামতপুরে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। কোথাও জমিতে হাঁটুপানি, আবার কোথাও কেটে রাখা পাকা ধান পড়ে আছে পানির মধ্যে। সময়মতো ঘরে তুলতে না পারায় ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের সারা বছরের কষ্টে ফলানো সোনালি ফসল। এতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই ফেলে রেখেছেন। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ধান শুকানো ও ঘরে তোলা সম্ভব হচ্ছে না। আবহাওয়া অনুকূলে না থাকায় বাড়ছে উদ্বেগ। কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে ধানের রং নষ্ট হওয়ার পাশাপাশি অঙ্কুরোদ্গম ও গুণগত মান কমে যেতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ বছর আমন ধানের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন। হেক্টরপ্রতি গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৭২ মেট্রিক টন।

উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইল গ্রামের কৃষক আকবর আলী বলেন, এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। সব ধান কেটে জমিতে ফেলে রেখেছি। বৃষ্টির কারণে সেগুলো ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় কয়েক দফা সেচ দিতে হয়েছে। উৎপাদন খরচও অনেক বেশি। অথচ বাজারে ধানের দাম নেই। সরকার নির্ধারিত দামে ধান কেনার সুযোগও পাচ্ছি না। এভাবে দাম থাকলে লাভ তো দূরের কথা, ঋণের বোঝাই বাড়বে।

বাদমালঞ্চি গ্রামের কৃষক মাহাদী হাসান মানিক বলেন, ‘মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসলের পাশাপাশি গুণগত মানও নষ্ট হবে। এমনিতেই ধানের দাম কম, শ্রমিক পাওয়া যাচ্ছে না, উৎপাদন খরচও অনেক বেড়েছে। এর মধ্যে অসময়ের বৃষ্টি আমাদের আরও বিপদে ফেলেছে। এবার আমন আবাদ করে লাভের বদলে ঋণের বোঝা বাড়ার আশঙ্কা করছি।

এদিকে গতকাল শনিবার বেনীপুরে প্রান্তিক সাপ্তাহিক হাটে কৃষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘বিএনপি সরকার কৃষকদের বন্ধু। আমি নিজেও কৃষক পরিবারের সন্তান। আমার নির্বাচনী এলাকার কৃষকদের দুঃখ-দুর্দশা দেখছি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।’

তবে কৃষকদের উদ্বেগের মধ্যে আশার কথা শুনিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে ফসল কাটা চলমান রয়েছে। আশা করছি, আগামী দু-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। বৃষ্টিতে আমন ধানের উৎপাদনে তেমন কোনো ক্ষতি হবে না।’

সব মিলিয়ে একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে ধানের ন্যায্যমূল্য না পাওয়া—এর সঙ্গে যোগ হয়েছে অসময়ের বৃষ্টি। ফলে মাঠের ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে নিয়ামতপুরের কৃষকদের। এখন আবহাওয়ার উন্নতি ও দ্রুত রোদ ওঠার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

পড়ুন : নোটিশ ছাড়াই দোকান ভাঙার অভিযোগ, আদিতমারীতে ভুক্তভোগী ব্যবসায়ীর ৫ দফা দাবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন