টাঙ্গাইলের মির্জাপুরে ওরশ মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে গিয়ে নিখোঁজ হওয়া রবিউল হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে রবিউলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন- একই ইউনিয়নের গেড়ামারা গ্রামের রাহাত (২১) ও সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)। রোববার সকালে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আড়াইপাড়া গ্রামে আয়োজিত একটি ওরশ মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যান রবিউল। সেখানে স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে তাঁর বন্ধুদের কথাকাটি থেকে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলার মুখে রবিউল দৌড়ে পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর ওরশ মাহফিলের পাশের একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মামলার বাদী ও নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম জানান, বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাহাতের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা রমিজ রায়হান জানান, এ ঘটনায় সাত থেকে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদ শেষে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩


