সিরাজগঞ্জে গৃহবধূ হাজেরা খাতুনকে হত্যা মামলায় স্বামী মো. বাবু মন্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সাথে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। তাদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তার স্বামী। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা মো. নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত এই রায় ঘোষণা করেছেন।
পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫


