চট্টগ্রামের পটিয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাইনবোর্ড ভাঙচুর ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজন চৌধুরী ও শুভ চৌধুরীসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রতন কান্তি চৌধুরী (৭০)।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করনখাইন চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড করনখাইন এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদীদের সঙ্গে রতন কান্তি চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে ২৮০/২৬ নম্বরের একটি মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে ঘটনার দিন সুজন চৌধুরী ও শুভ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ করে তাঁর স্থাপিত সাইনবোর্ড ভাঙচুর করেন। এতে আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
রতন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের চলে যেতে অনুরোধ করলে অভিযুক্তরা তাঁর সঙ্গে মারমুখী আচরণ করেন এবং সম্পত্তি দখলের হুমকি দেন। এ সময় বাধা দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুভ চৌধুরী জানান, তাঁরা প্রায় ৪০ বছর আগে জায়গাটি কিনেছেন এবং এতদিন তাঁদের দখলেই ছিল। সাইনবোর্ড সরিয়ে দেওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেন।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানার এসআই কামালসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এসআই কামাল জানান, জমি-সংক্রান্ত বিষয়টি দালিলিক হওয়ায় এর সমাধান আদালতের মাধ্যমে হতে হবে। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।
পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব


