মঞ্চের পেছনে টানানো ব্যানারে বড় হরফে লেখা- ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’। সামনে সারি সারি চেয়ারে বসে আছেন তৃণমূল পর্যায়ের সেই মানুষগুলো, যারা গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে বসে ব্যালট ও জনগণের রায় পাহারা দিয়েছিলেন। সাধারণত নির্বাচনের পর এমন কর্মীদের খোঁজ খুব কমই রাখা হয়।
তবে প্রথাগত রাজনীতির চেনা ছক ভেঙে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে পোলিং এজেন্টদের সম্মান জানাতে ও তাদের মুখ থেকে এলাকার বাস্তব চিত্র শুনতে ব্যতিক্রমী আয়োজনে হাজির হন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতার মঞ্চটি যেন হয়ে উঠেছিল জনপ্রতিনিধি ও তৃণমূলের সাধারণ মানুষের খোলামেলা সংলাপের জায়গা।
অনুষ্ঠানে চারজন পোলিং এজেন্ট তাদের অভিজ্ঞতা ও এলাকার সমস্যার কথা তুলে ধরেন। সময়ের সীমাবদ্ধতায় উপস্থিত সবাই বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ায় বক্তৃতার শুরুতেই ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানটি আমি ব্যক্তিগতভাবে আয়োজন করতে চেয়েছিলাম আমাদের এজেন্ট ভাই-বোনদের কথা শোনার জন্য। আপনারা অত্যন্ত পবিত্র দায়িত্ব পালন করে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রবিহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।”
সভায় এক নারী পোলিং এজেন্ট তার বক্তব্যে এলাকার যোগাযোগের অন্যতম প্রধান সমস্যা ‘কেরনখলা ব্রিজ’-এর কথা তুলে ধরেন। তার সেই দাবির জবাবে সুখবর দেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, কয়েক দিন আগেই কেরনখলা ব্রিজসহ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নয়টি ব্রিজ অনুমোদন পেয়েছে। পাশাপাশি কুল্লাগড়া যাওয়ার গুরুত্বপূর্ণ ব্রিজটিও ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়েছে এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা এসে স্থান নির্বাচনও সম্পন্ন করেছেন।
নিজের আইন পেশা ছেড়ে জনগণের সেবায় রাজনীতিতে আসার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “নির্বাচিত হওয়ার পর থেকে আমি ইমান ও সততার সাথে কাজ করছি। ভুল-ভ্রান্তি মানুষের হতেই পারে, তবে কোনো ভুলই ইচ্ছাকৃত নয়। দীর্ঘদিনের অবহেলিত দুর্গাপুর-কলমাকান্দার সব কাজ রাতারাতি শেষ করা সম্ভব নয়। তবে আমি প্রত্যাশা করছি, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই এলাকার মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন এবং আমাদের এই মেয়াদেই অনুমোদিত ব্রিজগুলোর বাস্তবায়ন হবে।”
পোলিং এজেন্টদের কেবল দলীয় কর্মী হিসেবে নয়, বরং সমাজের দায়িত্বশীল অভিভাবক হিসেবে দেখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, “দলীয় নেতাকর্মীরা অনেক বিষয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। কিন্তু এজেন্ট ভাই-বোনদের রাজনীতির পাশাপাশি সমাজটাকেও দেখতে হবে। আপনাদের গ্রামে বা এলাকায় কোনো সামাজিক অনাচার বা অন্যায় ঘটলে সরাসরি আমাকে জানাবেন।”
উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানিয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন- “যখন একটি স্কুলের উন্নয়ন হয় বা একটি ব্রিজ নির্মিত হয়, সেই ব্রিজে কিন্তু লেখা থাকে না যে অমুক দলের নেতা এটি দিয়ে পার হবেন। উন্নয়ন হয় সবার জন্য। আসুন, রাজনৈতিক বিভাজন ভুলে আমরা এমন সমৃদ্ধ ও অনন্য দুর্গাপুর গড়ে তুলি, যা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করতে পারে।”
বক্তব্যের শেষভাগে দেশের বর্তমান পরিস্থিতি ও ষড়যন্ত্র নিয়ে কঠোর সতর্কবার্তা দেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আগেই যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সন্তান বা আত্মীয়স্বজন কেউই দেশে নেই এবং কেউ গার্মেন্টস শিল্পে চাকরিও করেন না। অথচ বিদেশে বসে তারা দেশের অর্থনীতির প্রাণ গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন এবং সাধারণ মানুষের সন্তানদের আবারও বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন।
সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনের নামে সেখানে তাদেরই সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি, এমনকি শত শত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস নিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দুর্গাপুরের চারজন শহীদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের পূর্বপুরুষদের রক্তের ঋণ স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, “আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে একজন গারো, একজন হাজং, একজন হিন্দু ও একজন মুসলমান- প্রত্যেকেই শান্তিতে, নিরাপদে এবং নিজের পূর্ণ অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।”
পড়ুন : বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান


