অভয়নগরে শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের অভয়নগরে শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) বিকালে নওয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রয়াত এই নেতার কর্মময় জীবন, আদর্শ ও শ্রমিক আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

দিদারুল হক ছিলেন শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিত সংগঠক। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সাবেক সভাপতি, নওয়াপাড়া কার্পেটিং জুটমিল সিবিএর সাবেক যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার কর্মকর্তা ছিলেন।

সংগঠনগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া বুইকারা গোরস্তানে দিদারুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির নেতারা এতে অংশ নেন। পরে এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়।

বিকেল ৩টায় নওয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি শ্রমিকনেতা বাহারুল ইসলাম বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি শাহ্ আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

সভায় আরও বক্তব্য দেন নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি আজিজুল হক মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক নূর আলম মাস্টার, ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অভয়নগর থানা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতিকুল ইসলাম টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সভা পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।

বক্তারা বলেন, দিদারুল হক ছিলেন আজীবন নিষ্ঠাবান ও শ্রমিকশ্রেণির আদর্শে বিশ্বাসী একজন নেতা। শ্রমিক আন্দোলনে বিপ্লবী বিকল্প ধারা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ ও নীতিতে অবিচল ছিলেন তিনি।

তারা বলেন, বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দ্বন্দ্বের কারণে বাণিজ্য, প্রযুক্তি ও মুদ্রাযুদ্ধের পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক সংঘাত বাড়ছে। এতে বিশ্ব শ্রমিকশ্রেণি, নিপীড়িত জাতি ও সাধারণ মানুষ নানা সংকটের মুখে পড়ছে। দেশে দেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকটও গভীর হচ্ছে।

বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দিদারুল হকের মতো আদর্শনিষ্ঠ ও ত্যাগী নেতার জীবন থেকে শিক্ষা নিতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বেঁচে থাকার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

এ সময় জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সব শ্রমিকের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান বক্তারা। এসব দাবি আদায়ে সভা-সমাবেশ ও আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আলম ভূঁইয়া বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সরকার সময় চেয়েছে, শ্রমিক সংগঠনগুলোও সময় দিয়েছে। তবে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে প্রচারণা এবং ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে স্মরণসভা আয়োজন করতে না দেওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন