ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় ফেসবুকে দায় স্বীকার শুটার রায়হানের

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলিবিদ্ধ করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গুলি চালানোর কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন দাবি করে তিনি ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেন, তাকে আওয়ামীপন্থী মনে করে বিএনপির কয়েকজন নেতা তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। তাদের সঙ্গে আগে থেকে কোনো বিরোধ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে রায়হান লেখেন, ‘আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই উনাদের সাথে আমার কোনো ঝামেলা ছিল না। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’

গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘যারা যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সাথে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায়, টাকা-পয়সা সাহায্যে লাগে, আমাকে ইনবক্স করিয়েন।’

একই পোস্টে ভবিষ্যতে তার গাড়ি আটকানোর আগে গাড়ির ভেতরে কে রয়েছেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে জাবেদ দাবি করেন, কয়েকজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া নেন। পরে তাকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করেন।

এদিকে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে পুলিশ। রায়হান ও তার সহযোগীদের ধরতে সুয়াবিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চিরুনি অভিযান চালানো হচ্ছে।

এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতা চেয়ে এলাকায় মাইকিং করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ। সুয়াবিল ইউনিয়নের হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইকে তিনি এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন। মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে রায়হানকে শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা চাওয়া হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাইকিংকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী রায়হানকে আটক করা সম্ভব হলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে। এ সময় তাকে শনাক্ত করার সুবিধার্থে রায়হানের শারীরিক গঠন ও চেহারার বর্ণনাও তুলে ধরেন তিনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই চুঁরখারহাট বাজারসহ সুয়াবিল এলাকায় পুলিশ অবস্থান নেয়। এলাকার পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আটক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ পলাতক অপরাধী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’-এর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে আসছেন। বিদেশে পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও বর্তমানে কারাবন্দি ‘ছোট সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তার পরিচিতি রয়েছে।

অভিযোগ রয়েছে, ওই অপরাধচক্রের হয়ে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন রায়হান।

পুলিশের অভিযান চলার মধ্যেই ফেসবুকে গুলি চালানোর কথা স্বীকার করে দেওয়া তার নতুন পোস্ট ঘটনাটিকে ঘিরে এলাকায় আরও আলোচনার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় তৃণমূলের নারী নেত্রীদের রূপান্তরমূলক নেতৃত্ব প্রশিক্ষণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন