অগ্রহায়ণের হিমেল বাতাসে নেত্রকোনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী জনপদে যখন গভীর নিস্তব্ধতা নেমে আসে, তখনো জেগে থাকেন সীমান্তের অতন্দ্র প্রহরীরা। রাতের আঁধারকে কাজে লাগিয়ে মাদক পাচারকারীরা যেন সমাজের বুকে বিষ ছড়াতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা থাকেন সদা তৎপর। সেই নিরবচ্ছিন্ন সতর্কতা ও গোয়েন্দা নজরদারির সুফল মিলেছে মাত্র চার ঘণ্টার কম সময়ের ব্যবধানে চালানো পৃথক দুটি অভিযানে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পরিচালিত দুটি মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। জব্দ করা এসব মাদকের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে তনি লাখ চার হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় গত সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বাদামবাড়ী এলাকায় নলুয়াপাড়া বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা অভিযান চালান। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
প্রথম অভিযানের রেশ কাটতে না কাটতেই পৌনে ৪ঘন্টার ব্যবধানে দ্বিতীয় সাফল্য আসে পার্শ্ববর্তী জেলার সীমান্তে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাধুপাড়া বিওপি। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় আরও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সব সময়ই অব্যাহত রয়েছে। সেই চলমান প্রচেষ্টার ধারাবাহিকতাতেই সীমান্তের দুটি পৃথক স্থানে সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, আটক করা ২০৩ বোতল ভারতীয় মদ যথাযথ আইনি প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। সীমান্তের অন্ধকার পথ ধরে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন সতর্ক প্রহরা আগামী দিনেও অব্যাহত থাকবে- এমনটাই প্রত্যাশা সীমান্তবর্তী এলাকাসহ সর্বস্তরের মানুষের।
পড়ুন : শ্রীপুরে ফের মহাসড়ক অবরোধ, ধাওয়া দিয়ে সরিয়ে দিল প্রশাসন


