আইপিএলের নিলাম ঘিরে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল আলোচনা। ধারণা করা হচ্ছিল, ১৬ ডিসেম্বরের নিলামে দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর সত্যি হলো না। নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পাননি মোস্তাফিজ, নেই সাকিব আল হাসানের নামও।
১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম রাখা হয়নি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর জানিয়েছে।
তবে বাংলাদেশের ১২ ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
বছরের শুরুতে আইপিএল ঘিরে আলোচনায় ছিলেন মোস্তাফিজ। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এ ঘটনার রেশ পরে আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।
পড়ুন : জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


