দুরারোগ্য ব্যাধিতে একে একে হারিয়েছেন দুই পা। নষ্ট হয়ে গেছে হাতের আঙুলগুলোও। শারীরিক প্রতিবন্ধকতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মোঃ শাহিন ভূঁইয়ার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। জীবিকা নির্বাহের জন্য রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করতে তাঁকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তাঁর হাতে আর্থিক অনুদান তুলে দেন ডিসি ফরিদা খানম। এ সহায়তার মাধ্যমে শাহিন যেন নতুন করে জীবিকা শুরু করে স্বাবলম্বী হতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর বেঁচে থাকার ও স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাই, তিনি যেন নিজের সামর্থ্য অনুযায়ী একটি ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাঁদের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জেলা প্রশাসন সবসময় সচেষ্ট।”
শাহিনের আদি বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় বসবাস করছেন। মাত্র সাত বছর বয়সে মা তাঁকে ছেড়ে চলে যান। এরপর সৎমায়ের সংসারে বেড়ে ওঠেন তিনি।
২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাদুরা ফুট’ নামের এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন শাহিন। রোগের জটিলতায় একপর্যায়ে তাঁর একটি পা কেটে ফেলতে হয়। এরপর পরিবারের পক্ষ থেকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হলে বাবার সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। জীবিকার সন্ধানে একসময় ঢাকায় চলে আসেন।
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও থেমে থাকেননি শাহিন। হুইলচেয়ারে চলাফেরা করে রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করতেন। সেই সামান্য আয়ে চলত তাঁর জীবন। কিন্তু ২০২৪ সালে একই রোগে আক্রান্ত হয়ে তাঁর দ্বিতীয় পাটিও কেটে ফেলতে হয়। নষ্ট হয়ে যায় হাতের আঙুলগুলোও। ফলে বন্ধ হয়ে যায় পানি বিক্রির কাজ।
তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত এবং গুরুতর শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিয়মিত উপার্জনের সুযোগ তাঁর জন্য অত্যন্ত সীমিত। চিকিৎসা, আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের ব্যয় নির্বাহ করতে গিয়ে চরম অর্থকষ্টে পড়েন তিনি। একসময় জীবন ধারণই হয়ে ওঠে কঠিন।
এমন অসহায় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম দেখে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তার আবেদন জানান শাহিন। তাঁর আবেদন পাওয়ার পর জেলা প্রশাসক ফরিদা খানম মানবিক বিবেচনায় পাশে দাঁড়ান। আর্থিক সহায়তা পেয়ে শাহিন এখন জিয়া উদ্যানে ছোট একটি ব্যবসা শুরু করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করতে চান। দীর্ঘ কষ্ট ও প্রতিকূলতার পর তাঁর এই স্বপ্ন শুধু একটি ব্যবসা গড়ে তোলার নয়, বরং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার।
একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ার এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। জেলা প্রশাসনের এ সহায়তা শাহিনের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি করেছে।
পড়ুন : সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ ৪ জন আটক


