ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হৃদয় হোসেন (২৪)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি এলাকার মো. সাহেব হোসেনের ছেলে।
এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এই নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোড়াহাটি এলাকায় হৃদয় হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহের এসআরবি -৬ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : আনোয়ারা-কর্ণফুলীর যুবকদের চাকরির দাবিতে কেইপিজেডের ফটকে বিক্ষোভ


