খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপতৎপরতা, নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না। জনগণের কণ্ঠরোধ এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সারাদেশে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী এবং খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, মুহাম্মাদ আব্দুল গফুর, মুশাররফ আনসারীসহ বিভিন্ন থানা ও সাংগঠনিক পর্যায়ের নেতারা।

মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তারা আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের সচেতন ছাত্র-জনতা এসব ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে কোনো মহল যেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো গুজব বা উসকানিতে পা না দিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে পাড়া-মহল্লায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মহানগরী আমীর বলেন, খুলনায় নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।

সমাবেশে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করারও দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন