নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছানোর পর তাঁর বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে জেলা বিএনপি। এ পরিস্থিতিতে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শুধু নির্দেশনা দিয়েই থেমে থাকেননি সিরাজুল ইসলাম সিরাজ। তিনি নিজেই সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় নেতাকর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার পর কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ জোরদার করা হয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির ওপর নজর রাখছেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে।
জেলা বিএনপির এ উদ্যোগের লক্ষ্য হিসেবে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, সাংগঠনিক সমন্বয় বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্র দলের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জাকারিয়া প্রমুখ।
পড়ুন : আনোয়ারা-কর্ণফুলীর যুবকদের চাকরির দাবিতে কেইপিজেডের ফটকে বিক্ষোভ


