মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশায় ইনডোর, তবে রাতজাগা শিক্ষার্থী ও অনুমোদন নিয়ে প্রশ্ন

মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশা এবং খেলার মাঠের সংকট কাটিয়ে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় গড়ে উঠেছে একাধিক ইনডোর ফুটবল স্টেডিয়াম। তবে সুস্থ বিনোদনের এই উদ্যোগ ঘিরে এখন দেখা দিয়েছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের রাত পর্যন্ত খেলাধুলা, পড়াশোনায় প্রভাব, অগ্নিনিরাপত্তার ঘাটতি এবং প্রয়োজনীয় অনুমোদন না থাকার বিষয়গুলো সামনে আসছে।

উপজেলার রবিরবাজারের গোলবক্স ইনডোর, ঢুলীপাড়ার মাধবকুণ্ড স্পোর্টস সেন্টার এবং জয়চণ্ডী এলাকার ড্রিম ইনডোর মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব খেলার আয়োজন। এসব প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে কলেজপড়ুয়া, চাকরিজীবী ও বিভিন্ন বয়সী মানুষ খেলতে আসেন।

খেলতে আসা শিক্ষার্থী ও তরুণদের মতে, খেলার মাঠের অভাবে ইনডোর ফুটবল তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে সহায়তা করছে। তবে পড়াশোনা ও নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষার্থীদের খেলার সময় রাত ৮টা থেকে ৯টার মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে তারা।

অন্যদিকে, ইনডোর পরিচালকদের দাবি, তরুণদের মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রাখতেই এসব প্রতিষ্ঠান চালু করা হয়েছে। তাঁদের ভাষ্য, রাত ১০টার পর শিক্ষার্থীদের খেলতে দেওয়া হয় না। এরপর মূলত চাকরিজীবী ও ব্যবসায়ীরা খেলেন। সাধারণত রাত ১টা থেকে ২টার মধ্যে খেলা শেষ হলেও বৃহস্পতিবার বুকিং থাকলে কোনো কোনো ক্ষেত্রে খেলা চলে ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত।

তবে প্রশ্ন থেকেই যায়, শিক্ষার্থীদের জন্য রাত ৯টা বা ১০টা পর্যন্ত বাইরে থেকে খেলাধুলা করা কতটা যুক্তিসংগত? খেলা শেষে পড়াশোনার জন্য সময়ই বা থাকবে কতটুকু?

শুধু শিক্ষার্থীদের রাতজাগা নয়, এসব প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। একটি ইনডোর স্টেডিয়ামের পরিচালক মুঠোফোনে স্বীকার করেন, তাঁর প্রতিষ্ঠানে এখনো অগ্নিনিরাপত্তার কোনো সরঞ্জাম স্থাপন করা হয়নি। কুলাউড়া ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব ইনডোরের ফায়ার সেফটি লাইসেন্সের জন্য কোনো আবেদন করা হয়নি এবং কোনো লাইসেন্সও দেওয়া হয়নি।

ভবন নির্মাণের অনুমোদন নিয়েও রয়েছে প্রশ্ন। এলজিইডি কুলাউড়ার উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয় জানান, এসব ইনডোর স্টেডিয়ামের ভবন নির্মাণের অনুমোদন নেই। অনুমোদনের জন্য তাঁদের দপ্তরে কোনো আবেদনও করা হয়নি।

অন্যদিকে, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার কোনো ইনডোর স্টেডিয়ামের জন্য পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ইনডোর স্টেডিয়াম বা টার্ফ নির্মাণ করা হলেও উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়নি। বেশির ভাগ ক্ষেত্রে কৃষিজমিতে এসব স্থাপনা নির্মাণের বিষয়টিও নজরে এসেছে। খেলার নির্ধারিত সময় ও প্রবেশমূল্য সম্পর্কেও প্রশাসনকে অবহিত করা হয়নি। সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কুলাউড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খেলাধুলা ও শারীরিক গঠনের জন্য মিনি স্টেডিয়াম প্রয়োজন হলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গভীর রাত পর্যন্ত খেলাধুলা পড়াশোনা ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সকাল কিংবা বিকেলে খেলার সময় নির্ধারণের পরামর্শ দেন।

সিনিয়র সাংবাদিক ও টিম জার্নালিস্ট, কুলাউড়ার উপদেষ্টা এম. মুক্তাদির হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা প্রয়োজন। তবে ইনডোর ফুটবলের নামে গভীর রাত পর্যন্ত খেলাধুলার কারণে পড়াশোনা ব্যাহত হওয়া, ক্লাস ফাঁকি ও আর্থিক ক্ষতির বিষয়টি উদ্বেগজনক। শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও নিরাপত্তা বিবেচনায় বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন।

খেলাধুলার সুযোগ তৈরি হওয়া নিঃসন্দেহে ইতিবাচক। বিশেষ করে খেলার মাঠের সংকটে থাকা তরুণদের জন্য ইনডোর ফুটবল হতে পারে সুস্থ বিনোদনের একটি কার্যকর মাধ্যম। কিন্তু সেই উদ্যোগের আড়ালে যদি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়, রাত পর্যন্ত খেলাধুলা চলে এবং প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ও অনুমোদনের ঘাটতি থাকে, তাহলে বিষয়গুলো উপেক্ষা করার সুযোগ নেই।

ইনডোর গেমস বন্ধ নয়, বরং শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং যথাযথ তদারকির মাধ্যমে এসব প্রতিষ্ঠান পরিচালনা করা জরুরি। এখন প্রশ্ন, তরুণদের সুস্থ বিনোদনের এই উদ্যোগকে নিরাপদ ও নিয়মতান্ত্রিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়?

বিজ্ঞাপন

পড়ুন : নানকের আগমন ঘিরে সীমান্তে সতর্ক বিএনপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন