বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনাটিকে গুজব বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য। তাদের দাবি, দলীয় কার্যালয়ে কোনো আগুন লাগেনি। কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। ভিডিওতে আগুনের মধ্যে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়তে দেখা যায়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই আগুনের ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ঘটনাকেই বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাইনি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
পড়ুন : নানকের আগমন ঘিরে সীমান্তে সতর্ক বিএনপি


