সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুদি দোকানদার আমজাদ মিয়া (৫০) হত্যা মামলার আসামি মো. মুকুলকে (৩২) নাটোর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) এর সদস্যরা।
গ্রেফতারকৃত মুকুল নাটোরের গুরুদাসপুর উপজেলার কজিপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কজিপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার ও অপারেশন অফিসার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, নিহত আমজাদ মিয়া উল্লাপাড়া উপজেলার গয়হাটা ভাগলগাছি এলাকার বাসিন্দা। তিনি গয়হাটা বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গত ২২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পার্শ্ববর্তী গয়হাটা ফরিদপুর গ্রামের লুৎফর রহমানের বাড়িতে সাপ্তাহিক তালিম অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।
তালিম শেষে রাত ৮টার দিকে খাবার বিতরণের সময় আমজাদ মিয়া লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় আল আমিনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামি মো. তারেক তার বাবার সঙ্গে জরুরি কথা আছে বলে আমজাদ মিয়াকে ডেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। প্রায় ৩০ মিনিট পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখবর নিতে থাকেন। পরে জানতে পারেন, আমজাদ মিয়া অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই দিন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আমজাদের স্ত্রী ও মেয়ে আছিয়া খাতুন হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে নিহত আমজাদ মিয়ার স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এসআরবি-১২-এর সদর কোম্পানি ও নাটোরের এসআরবি-৫, সিপিসি-২ এর যৌথ চালিয়ে আসামি মুকুলকে গ্রেপ্তার করে। পরে তাকে আজ দুপুরে উল্লাপাড়া থানায় হস্তান্তর করেন।
পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২


