বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের কৃতিসন্তান ও বেলকুচির পপুলার ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা: রিফাত হাসান (রকি)।
শুক্রবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর কনফারেন্স হলে জেলার সকল ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে উপস্থিত সকল চিকিৎসকের সর্বসম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব ডা: এ. কে. এম কবির আহমেদ (রিয়াজ) যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদনের পাশাপাশি নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সভাপতি: প্রফেসর ডা: মো: রকিবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: ডা: ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক: ডা: এম. হাকিম বাবু, কোষাধ্যক্ষ: ডা: রুমানা ইয়াসমিন (রিমু), সাংগঠনিক সম্পাদক: ডা: সেলিম রেজা, দপ্তর সম্পাদক: ডা: রিফাত হাসান (রকি)।
এদিকে, বেলকুচির কৃতিসন্তান ডা: রিফাত হাসান (রকি) সিরাজগঞ্জ জেলা ডেন্টাল সোসাইটির মতো গুরুত্বপূর্ণ দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বেলকুচি উপজেলাসহ পুরো সিরাজগঞ্জ জেলার চিকিৎসক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। অভিনন্দন বার্তায় শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, ডা: রিফাত হাসান (রকি) দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখা আরও সুসংগঠিত হবে এবং জেলার প্রান্তিক পর্যায়ের মানুষের আধুনিক দন্ত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও ডেন্টাল সার্জনদের পেশাগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত দপ্তর সম্পাদক ডা: রিফাত হাসান (রকি) তার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সভাপতি, মহাসচিব এবং সিরাজগঞ্জ জেলার সকল ডেন্টাল সার্জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত দন্তসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ


