কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মাদারীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিবচরের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে মাদারীপুর শহরে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলা, ভাঙচুর ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকেরহাট বন্দর এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত থেকেই মাদারীপুরের টেকেরহাট বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়ক দখল করে অবস্থান নেন। এ সময় মাদারীপুরের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি গোপালগঞ্জ ও ফরিদপুর থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা টেকেরহাট বন্দরে অবস্থান নেন বলে জানা গেছে। ভোররাত থেকে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে ভোররাত ৪টার দিকে শিবচরের কাঠালবাড়ি থেকে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা অংশ পর্যন্ত বিভিন্ন স্থানে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিক্ষোভ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেওয়া হয়।
একপর্যায়ে পদ্মা সেতু সংলগ্ন জাজিরা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে শিবচরের কুতুবপুর ইউনিয়নের নিজামউদ্দিন মৃধা নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করে। ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে এসব ঘটনার পরপরই মাদারীপুর শহরে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হোটেলের জানালার কাচ ভাঙচুর করে এবং পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি মোকাবিলায় টেকেরহাট বন্দর এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।
প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হলে যাত্রী ও চালকদের দুর্ভোগ কমতে থাকে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


