কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। যার ফলে সেখানে উত্তেজনা দেখা দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে ভারতের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, গত মঙ্গলবার (১ এপ্রিল) পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি ভঙ্গ করে। ভারতীয় সৈন্যরা শৃঙ্খলিতভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ভারতীয় সেনারা জানিয়েছে। তারা দুই দেশের সামরিক সমঝোতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
২০২১ সালে ভারত-পাকিস্তান বৈঠকে উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে সম্মত হয় এবং সহিংসতা প্রতিরোধে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে সীমান্তে বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।
তবে ভারতের সেনাবাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। এনডিটিভির প্রতিবেদনে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।
এনএ/


