প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় তাকে একটি বিশেষ ছবি উপহার দিয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে ছবিটি উপহার দেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের সময়কার।
ছবিতে দেখা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন।

ব্যাংককে সাংগ্রি-লা হোটেলে বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হলো।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত, গঙ্গা পানি বণ্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
পড়ুন : দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা


