পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা বেড়ে গেছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই যুদ্ধাবস্থার প্রভাব বিভিন্ন অঙ্গনে পড়েছে। তার মধ্যে বাদ যায়নি শোবিজ অঙ্গনও।
পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিঁদুর’-কে সমর্থন জানিয়ে অনেক ভারতীয় তারকা প্রশংসামূলক মন্তব্য করেছেন। এই পরিস্থিতির জেরে বলিউডের অনেক তারকাই তাদের আসন্ন কাজ, প্রচারণা এবং সিনেমা মুক্তির পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বর্তমান অবস্থার কথা মাথায় রেখে অনেক শিল্পী কনসার্ট বাতিল করেছেন। যেমন, আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং, মুম্বইয়ের অনুষ্ঠান বাতিল করেছেন উষা উত্থুপ এবং সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা তার ইন্দোর শো বাতিল করেছেন।
বলিউড সুপারস্টার সালমান খান তার যুক্তরাজ্য সফর বাতিল করেছেন। দক্ষিণী তারকা কমল হাসান তার ‘ঠাগ লাইফ’ সিনেমার মিউজিক লঞ্চ স্থগিত করেছেন, সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে দেশের সেনারা সীমান্তে লড়াই করছে, তাই এ মুহূর্তে শিল্পের উদযাপন অপেক্ষা করতে পারে।
এদিকে আমির খানের বহুল আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’-এর টিজার মুক্তির পরিকল্পনা ৮ মে থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। শাহরুখ খান ও কাজলের ব্রিটেনে মূর্তি উন্মোচন অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। পাশাপাশি ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ সিরিয়ালের একটি বিশেষ মাদার্স ডে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
শুধু অনুষ্ঠান নয়, বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজের মুক্তিও পিছিয়ে গেছে। ‘ভেরি পারিবারিক ২’ সিরিজ আপাতত মুক্তি পাচ্ছে না, রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমাও নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসছে না। এটি ৯ মে বড় পর্দার পরিবর্তে ১৬ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এভাবে দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতির গভীর প্রভাব পড়েছে শোবিজ ও বিনোদন জগতে। শুধু শোবিজ নয়, খেলাধুলার ক্ষেত্রেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। ভারত ইতোমধ্যেই আইপিএল স্থগিত ঘোষণা করেছে, যা এই উত্তপ্ত পরিস্থিতির একটি বড় উদাহরণ।
এনএ/


