অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট কাল সোমবার। জাতীয় সংসদ কার্যকর না থাকায় টেলিভিশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হচ্ছে। ওইদিন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন করা হবে।
আগামীকাল ২ জুন সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ওইদিন বিকাল ৩ টায় জাতির উদ্দেশ্যে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা।
জানা গেছে, এবছর অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বেশ ছোট হবে। তিনি প্রায় ৮ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য তুলে ধরবেন।
এর আগেও ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম টেলিভিশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করেন।
প্রথমবার তিনি ৩৮ পৃষ্ঠার বাজেট বক্তৃতা উপস্থাপন করেন। পরের বছর আজিজুল ইসলামের বাজেট বক্তৃা ছিল ৫৪ পৃষ্ঠার।
সাধারণত আগের অর্থবছরগুলোতে বৃহস্পতিবার বাজেট দেওয়া হতো। বাজেট ঘোষণার পর আগের রীতি অনুযায়ী অর্থ উপদেষ্টা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সূত্রটি জানিয়েছে, বাজেটের আকার কমানো হলেও সমাজে বৈষম্য কমানোর পাশাপাশি মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী ও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ থাকছে নতুন অর্থবছরের বাজেটে। একই সঙ্গে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আগামী অর্থবছরের জন্য সরকার জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ধরতে পারে। চলতি অর্থবছরে যা ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। অবশ্য বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবির পূর্বাভাস হলো- এবার প্রবৃদ্ধি এর চেয়ে অনেক কম হবে।
পড়ুন : সংস্কার-স্বস্তির লক্ষ্য নিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট


