ভারতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৯৬১ জন। আক্রান্তের দিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সবচেয়ে এগিয়ে, যেখানে রবিবার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা ৩৩১। এছাড়া কেরালায় সর্বাধিক সংক্রমণ দেখা যাচ্ছে, যেখানে মোট রোগীর সংখ্যা ১,৪৩৫ জন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন, মোট সংখ্যা ৪৮৩, এবং মহারাষ্ট্রে নতুন শনাক্ত ২১ জন, মোট আক্রান্ত ৫০৬ জন।
ভারতের মেডিকেল গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর-এর মহাপরিচালক ড. রাজীব বাহেল জানিয়েছেন, সংক্রমণ বৃদ্ধির মূল কারণ ওমিক্রন ভাইরাসের দুটি সাব-ভ্যারিয়েন্ট— এনবি.১.৮.১ এবং এনএফ.৭, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের নমুনা বিশ্লেষণে আরও চারটি ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, তবে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে এনবি.১.৮.১ এবং এনএফ.৭।
পরিস্থিতি মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আয়ুষ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। আয়ুষের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন, করোনা মহামারির সময় তৈরি করা অবকাঠামো পুনরায় সক্রিয় করা হচ্ছে।
এনএ/


