শতবর্ষ পূর্তিতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভূমিমন্ত্রী

রাজশাহীর ঐতিহ্যবাহী খ্রিষ্টান মিশন হাসপাতালকে আরও আধুনিক ও সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। হাসপাতালটিকে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজে রূপান্তরের পাশাপাশি মিশন গার্লস স্কুলকে কলেজে উন্নীত করার বিষয়েও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে অবস্থিত খ্রিষ্টান মিশন হাসপাতাল প্রাঙ্গণে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহী খ্রিষ্টান মিশন হাসপাতাল এ অঞ্চলের মানুষের কাছে আস্থা ও নির্ভরতার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শত বছরের দীর্ঘ পথপরিক্রমায় নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এই অর্জন শুধু হাসপাতালের নয়, বরং পুরো অঞ্চলের জন্য গর্বের।’

সময়ের সঙ্গে তাল মিলিয়ে হাসপাতালের সেবার মান ও পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানে একটি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ ছাড়া হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণে জমির প্রয়োজন হলে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন উপযুক্ত জমি বরাদ্দের বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অবদানের কথা স্মরণ করে মিজানুর রহমান মিনু বলেন, মুক্তিযুদ্ধের সময় মুসলিম ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। শতবর্ষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি আগামী দিনেও মানবিকতা ও সেবার আদর্শ নিয়ে চিকিৎসা ও স্বাস্থ্যশিক্ষা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চার্চ অব বাংলাদেশের মডারেটর, ঢাকা ডায়োসিসের বিশপ এবং খ্রিষ্টান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাসিকের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খ্রিষ্টান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল। অনুষ্ঠানে খ্রিষ্টান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন