স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যে সময় মনে করবেন, সেই সময় দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় তিনি অনুরোধ করে বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা দেবেন। রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দেবেন না। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে। এটার ওপর তারা একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এজন্য আপনাদের অনুরোধ, দিলে রিপোর্টটা সম্পূর্ণ দেবেন। আমি যেই কথাটা বলি সেটা সম্পন্নটা দেবেন।
এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দেবেন না তো? উত্তরে সব সাংবাদিক খণ্ডিত রিপোর্ট দেবেন না বলে প্রতিশ্রুতি দেন।
পরে তিনি সাংবাদিকদের আরো অনুরোধ করে বলেন, আপনাদের যে মাস্ক দিয়েছি, সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবেন। আমি আজকে যখন মাস্ক দিলাম দেখলাম, অনেক সাংবাদিক ভাইয়েরা আমার সেই মাস্ক পকেটে রেখে দিয়েছেন। মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হবে।
এসময় তিনি সাংবাদিকদের আরও একটি অনুরোধ করে বলেন, আপনারা পলিথিনের বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন। নিজেরা পলিথিন বর্জন করবেন এবং সবাইকে বর্জন করতে উৎসাহিত করবেন।
এ সময় উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে আপনারা প্রশ্ন করছেন অথচ আপনারা নিজেরাই মাস্ক ব্যবহার করছেন না। আপনারা নিজেরাও মরবেন, অন্যকেও মারবেন। আমি যে মাস্কগুলো দিয়েছি, সেগুলো ব্যবহার করেন। আর দোয়া করবেন। ভালো থাকবেন।
এসময় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন: অমানবিকভাবে ভারত তাদের পুশইন করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এস


