বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ, যার অকালমৃত্যু আজও রহস্যে ঘেরা। তাকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সামিরার দাবি, সালমান শুধু আত্মহত্যা করেছেন তাই নয়, বিয়ের আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এর মধ্যে একবার সামিরাকে বিয়েতে রাজি করানোর জন্যও নিজের প্রাণ নেয়ার চেষ্টা করেন এই জনপ্রিয় নায়ক।
২০২৪ সালের সালমান শাহর জন্মদিন উপলক্ষে একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সামিরা জানান, ইমন (সালমান শাহ) মানসিকভাবে আত্মহত্যাপ্রবণ ছিল। আমাদের বিয়ের আগেই সে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য, আরেকবার অন্য এক ঘটনায়। সামিরার দাবি অনুযায়ী, এসব ঘটনার রেকর্ড মেট্রোপলিটন হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে রয়েছে।
সালমান শাহ ও সামিরা হক ১৯৯২ সালে বিয়ে করেন। সামিরা সে সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে। সাক্ষাৎকারে সামিরা আরও জানান, সালমানের শৈশব ও পারিবারিক জীবনে নানা মানসিক আঘাত ছিল, যা তার মনের ওপর গভীর প্রভাব ফেলে। তিনি বলেন, ইমন অনেক কিছু দেখে বড় হয়েছে, যা ওর দেখার কথা ছিল না। সেই মানসিক চাপ থেকে ও কখনও বেরোতে পারেনি। এখন যেমন কাউন্সেলিং বা রিহ্যাবের সুযোগ আছে, তখন এসব ছিল না। তাই ওর ভেতরের কষ্টগুলো কেউ বুঝতে পারেনি।
তবে সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই ছেলের মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যা বলে দাবি করে আসছেন। এর বিপরীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালে তদন্ত শেষে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন এবং এর পেছনে পাঁচটি কারণ চিহ্নিত করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

