চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণ করে বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এই জরিমানা করেন।
রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানার মালিক আনোয়ারুল ইসলাম জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের রবিউল হকের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানা সাট প্যাকেটজাত ও মোড়কীকরণ সরকারী আইনের কোন অনুমোদন না নিয়ে অবৈধভাবে মোড়কীকরণ করে বাজারজাত করে আসছিল। যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
গোপনসূত্রে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত ও উপজেলা কৃষি অফিস রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানা যৌথ অভিযান চালায়। অভিযান কালে জৈব সার কারখানা মালিক আনোয়ারুল ইসলাম এই সার প্যাকেট জাত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ফলে ভ্রাম্যমান আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ( ৩) ধারা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনোয়ারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, দামুড়হুদা মডেল থানার এস আই শিহাবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
পড়ুন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ তম প্রজাপতি মেলা শুক্রবার
দেখুন- আগামী জাতীয় নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর |


