আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনবিরোধী তৎপরতায় চরম অস্থিতিশীলতার ঝুঁকি দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানায়, অনলাইন-অফলাইন প্রচারণায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হলেও নির্বাচন কমিশন তা রোধে অনেকটা ‘অপারগ’ ভূমিকা পালন করছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক এক প্রতিবেদনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নির্বাচনের বর্তমান চিত্র তুলে ধরে এসব কথা বলেন।
তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে কমিশন নিজের ক্ষমতার প্রয়োগ করছে না। শুরুতে ইতিবাচক লক্ষণ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল এবং পেশিশক্তির ব্যবহার অর্থাৎ পুরনো নেতিবাচক রাজনৈতিক চর্চা ফিরে এসেছে।
এবারের নির্বাচনে আগের তুলনায় অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষণ করেছে টিআইবি। একই সঙ্গে, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি নির্বাচনবিরোধী তৎপরতার কারণে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, অনলাইন ও অফলাইন প্রচারণায় ব্যাপক অনিয়ম হলেও কমিশন অনেকটা ‘অপারগ’ হয়ে তা এড়িয়ে যাচ্ছে, যা সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নষ্ট করছে।
পড়ুন: সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
আর/


