৮৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিমান হলিউড অভিনেতা স্টেসি কিচ। মঙ্গলবার (১১ নভেম্বর) পোল্যান্ডের মাগদালেনকায় নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এপি নিউজ সূত্রে প্রাপ্ত তথ্যে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী মালগোসিয়া তোমাসি কিচ। এক শোকবার্তায় তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের জটিলতা ও হার্ট ফেইলিউরের সঙ্গে কঠিন এক লড়াইয়ের পর হৃদরোগের জটিলতাতেই মারা গেছেন কিচ। এর আগে ২০১৭ সালের জুনে শিকাগোতে মঞ্চে অভিনয়ের সময়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা।
মঞ্চ নাটকে অসাধারণ দক্ষতার জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন স্টেসি কিচ; বিশেষ করে শেক্সপিয়ারের নাটকে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। কিংবদন্তি পরিচালক জন হুস্টনেরও পছন্দের অভিনেতা ছিলেন তিনি। তবে অপরাধবিষয়ক লেখক মিকি স্পিলেনের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘মাইক হ্যামার’ রূপায়ণ করে টেলিভিশনের পর্দায় তিনি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
একঘেয়ে বা একই ধরনের চরিত্রে আটকে না থেকে বহুমুখী অভিনয়ে সমৃদ্ধ ছিল তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার। সিনেমার পর্দায় কখনো মাদকাসক্ত পুলিশ কর্মকর্তা, কখনো মঞ্চে ‘কিং লিয়ার’, আবার কখনো টেলিভিশনে ‘ওয়ার্ল্ডস মোস্ট অ্যামেজিং ভিডিওস’-এর ধারাভাষ্যকার হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য নাইনথ কনফিগারেশন’ সিনেমায় উন্মাদ কর্নেলের চরিত্র এবং টেলিভিশন সিরিজ ‘টাইটাস’-এর মূল চরিত্রে অভিনয়। এছাড়া আলেকজান্ডার পেইনের অস্কার মনোনীত সিনেমা ‘নেব্রাস্কা’, জনপ্রিয় সিরিজ ‘ব্লু ব্লাডস’-এ নিউইয়র্কের আর্চবিশপ এবং সর্বশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘জে কেলি’ সিনেমায় জর্জ ক্লুনির তিক্ত স্বভাবের বাবার চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন এই প্রবীণ অভিনেতা।
পড়ুন :
সা/


