বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, আলোচনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, নিরাপদ প্রত্যাবাসন, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তিনি তুরস্ককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য তুরস্কের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: “রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সফলভাবে কপ-৩১ আয়োজন করায় তিনি তুরস্ককে অভিনন্দন জানান।
বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে।
একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও তুরস্কের কার্যকর সহযোগিতা এবং অংশীদারত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
পড়ুন : বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


