সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর তিনি বলেন, দীর্ঘদিন পরে আমরা ভোট দিতে পেরেছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করছি।
নির্বাচনের এই পরিস্থিতিতে ইলিয়াস আলীর কথা স্মরণ করে লুনা বলেন, সেই সাথে কষ্টও আছে, আমরা এখনো তাঁকে ফিরে পাইনি। উনার অবর্তমানে আমি সিলেট-২ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করছি।
তিনি বলেন, গত রাত থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, তবে ভোট শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক, ভোটাররা কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন, আশা করছি ভোট ভালোভাবে শেষ হবে, তিনি বলেন।
এসময় তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার উপস্থিত ছিলেন।
পড়ুন- এক ব্যক্তির একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ, ভোট বন্ধ ২০ মিনিট


