ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার স্বেচ্ছায় মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় তার বাবা কবির হায়াত খান। একমাত্র সন্তানের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ জন্য দায়ী করছেন অভিনেতা আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে।
ইকরার বাবা কবির হায়াত কান্না করতে করতে বলেন, আলভী ও তার মায়ের প্ররোচনার জন্যই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তিনি একমাত্র মেয়ের মৃত্যুকে ‘হত্যা’ অ্যাখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বলেন, আলভী ও তার মায়ের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার হোক। সে একটা অসভ্য ছেলে। আমার মেয়েকে মেরে ফেলেছে সে। আগে জানতাম না, তাকে ভালো মনে করতাম। আমার মেয়েও সংসার টেকানোর জন্য কখনো আমাদের কাছে কিছু প্রকাশ করেনি।
মেয়ে ইকরার শিক্ষাজীবনের সময় আক্ষেপ করে কবির হায়াত জানান, ইকরা খুবই মেধাবী ছাত্রী ছিল। তিনি বলেন, আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঞ্চ পায়, তখন আলভী একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তখন বলেছিলাম, আলভীর কাছে মেয়েকে বিয়ে দেব না। আমি আলভীর মাকে বলেছিলাম, আপা, আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না। আপনারা আমার মেয়েকে ভিক্ষা দেন। কিন্তু আলভীর মা মানেননি।
ইকরার বাবার দাবি―আলভী ও তার মা যোগসাজশ করে অল্পবয়সী ইকরাকে নিয়ে গিয়ে বিয়ে করায়। তখন মাত্র অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল ইকরা। শুরুতে বিয়ে মেনে না নিলেও পরে একমাত্র সন্তানের কথা ভেবে মেনে নিয়েছিলেন তিনি। কবির হায়াত বলেন, আমি চেয়েছিলাম সংসার করুক। কিন্তু সেটি আর হলো না।
একমাত্র মেয়ের এই করুণ পরিণতির জন্য আলভী ও তার মাকে দায়ী করছেন ইকরার বাবা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আত্মহত্যার পেছনে আলভীর মা দায়ী। উনি একজন অ্যাবনরমাল মানুষ। আমার মেয়ে বেশ ভালো ছাত্রী ছিল। ওদের কারণে ইকরার ক্যারিয়ার, পড়ালেখা সব শেষ হলো। আমি ওদের কাছে ভিক্ষা চেয়েছিলান, কিন্তু দেয়নি ওরা।
ইকরার আত্মহত্যার পর তাৎক্ষণিক কারণ হিসেবে অভিনেতা আলভীর ফেসবুক স্ট্যাটাসকে সামনে এনেছেন কবির হায়াত। তিনি প্রশ্ন তুলেন, আলভী কেন আরেকটি মেয়ে নিয়ে আমার মেয়ের সামনে নেপাল থেকে ফেসবুকে পোস্ট দিলো? আমার মেয়ে এমনিতেই আমাদের কাছে অপরাধী মনে করতো নিজেকে। আলভীকে নিয়ে গর্ব ছিল ইকরার। কিন্তু যখন দেখল আলভী এমন করতেছে, ক্ষোভে, এরপর দুঃখে এবং আলভী ও তার মায়ের প্ররোচনায় হয়তো সুইসাইড করছে আমার মেয়ে।
পড়ুন: ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত
আর/


