হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। ফলে প্রায় ১১১ বিলিয়ন ডলার (৮২ দশমিক ২ বিলিয়ন পাউন্ড) মূল্যের প্রস্তাব নিয়ে এগিয়ে গেল প্যারামাউন্ট স্কাইড্যান্স। এর মাধ্যমে কয়েক মাস ধরে চলা করপোরেট লড়াই শেষ হতে যাচ্ছে।
গত বছর ওয়ার্নার ব্রাদার্স বিক্রির ঘোষণা আসে। এরপরই এটি কিনতে আগ্রহ দেখায় নেটফ্লিক্স। এরপর এ লড়াইয়ে যুক্ত হয় প্যারামাউন্ট। গত বৃহস্পতিবার ওয়ার্নার ব্রাদার্স জানায়, নেটফ্লিক্সের তুলনায় প্যারামাউন্টের সর্বশেষ প্রস্তাব বেশ ভালো। এরপর ওয়ার্নার ব্রাদার্স কর্তৃপক্ষ নেটফ্লিক্সকে চার কার্যদিবস সময় দিয়েছিল প্যারামাউন্টের প্রস্তাবের সমান বা তার চেয়ে বেশি দাম হাঁকানোর জন্য। তবে নেটফ্লিক্স দেরি না করে জানিয়ে দিয়েছে, তারা তাদের দাম আর বাড়াবে না।
নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী টেড সারান্দোস ও গ্রেগ পিটার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ওয়ার্নার ব্রাদার্সের আইকনিক ব্র্যান্ডগুলোর যোগ্য অভিভাবক হতে পারতাম। আমাদের এ চুক্তি বিনোদন শিল্পকে আরও শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রে আরও বেশি প্রোডাকশন কর্মসংস্থান তৈরি ও রক্ষা করতে পারত। তবে আমাদের কাছে এ লেনদেনটি ‘‘সঠিক দামে পেলে ভালো’’ এমন এক বিষয়,“যেকোনো মূল্যে পেতেই হবে” এমন কোনো অপরিহার্য বিষয় নয়।’
গত ডিসেম্বরে নেটফ্লিক্স প্রায় ৮২ বিলিয়ন ডলার (ঋণসহ) মূল্যের একটি প্রস্তাবে ওয়ার্নার ব্রাদার্সের কিছু সম্পদ কিনতে সম্মত হয়েছিল। পরে প্যারামাউন্ট পাল্টা প্রস্তাব দেয়। শুরুতে তা প্রত্যাখ্যাত হলেও, চলতি সপ্তাহে শেয়ারপ্রতি ১ ডলার বাড়িয়ে নতুন প্রস্তাব দেয় প্যারামাউন্ট—এরপরই পরিস্থিতি বদলে যায়।
চুক্তিটি হলে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও, জনপ্রিয় চলচ্চিত্র লাইব্রেরি ও বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কের নিয়ন্ত্রণ পাবে। এতে হলিউডের মিডিয়া বাজারে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনটা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া এটি কার্যকর হবে না। প্যারামাউন্টকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ইউরোপীয় নিয়ন্ত্রকদের অনুমোদনও নিতে হবে।
সব মিলিয়ে হলিউডের অন্যতম বড় এই অধিগ্রহণ এখন নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায়।
পড়ুন- ৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের


