খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর ১২টায় শিক্ষকবৃন্দের সঙ্গে এবং বিকাল ৪টায় কর্মকর্তাবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক-কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত গতিশীল করতে হবে, যাতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
এছাড়া একটি ইতিবাচক ও সমন্বিত কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে আধুনিক, জ্ঞানভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক এবং কর্মকর্তা সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


