ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে আজ রোববার (২০ এপ্রিল) বিকাল ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা প্রধান বক্তা হিসেবে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। জেলায় মোট ৩ লক্ষ ৯৫ হাজার ৭০৫ জন শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, পূর্ববর্তী কর্মসূচিতে এমআর-১ (MR 1) ডোজ থেকে বাদ পড়া ৮,২৩৪ জন শিশু এবং এমআর-২ (MR 2) ডোজ থেকে বাদ পড়া ১৭,৬১৫ জন শিশুকে এবারের বিশেষ তালিকায় রাখা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং সুস্থ প্রজন্ম গড়তে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সম্মেলনে অংশ নেন।
বক্তারা জানান, জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে টিকাদান কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং সঠিক সময়ে শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পড়ুন:মাদারীপুরে ফরম ফিলাপের টাকা নিয়েও এডমিট কার্ড পেল না শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষায় অনিশ্চয়তা
দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


