রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনের রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকের ভাষ্য অনুযায়ী নিহতের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

