বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা বিপুল পরিমাণ রেনুপোনা জব্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বরগুনার বিভিন্ন রুট ব্যবহার করে অবৈধভাবে চিংড়ির রেনুপোনা পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা নজরদারি শুরু করলে ট্রাক দুটির অবস্থান শনাক্ত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পৌর বাস টার্মিনাল এলাকায় দুটি ট্রাকে অবৈধভাবে চিংড়ির রেনু পোনা পরিবহনের খবর জানতে পায় তারা।
বিষয়টি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে জানালে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২৭ ড্রাম রেনু পোনা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত রেনুপোনা বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। তবে এ সময় জড়িত কাউকে আটক করতে না পারলেও ট্রাকের দুই চালককে আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, প্রাকৃতিক উৎস থেকে এভাবে রেণু পোনা ধরা সম্পূর্ণ অবৈধ। এতে নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেনুপোনা আহরণ ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন- সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় রাষ্ট্রের: সড়ক ও সেতুমন্ত্রী


