বিজ্ঞাপন

রামিসা হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে শিশুদের স্মারকলিপি প্রদান

শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডসহ দেশজুড়ে বাড়তে থাকা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় শিশু অধিকারভিত্তিক সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) দুপুরে সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যরা প্রথমে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পরে একই দাবিতে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নিকটও স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাতুল শিফা, তাসনিয়া আযাদ তিশা, আজিম মোহাম্মদ নুর, প্রিয়ন্তী সরকারসহ অন্যান্য সদস্যরা।

এসময় সংগঠনের নেতারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, রাজধানীর মিরপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২৪ সালের প্রথম চার মাসে ১৯৯ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ধর্ষণ ও হত্যার শিকার। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

স্মারকলিপিতে আরোও বলা হয়েছে, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার শিশুদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।

এনসিটিএফ শিশু নির্যাতন প্রতিরোধে ছয় দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা, শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি চালু, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিশুদের প্রশিক্ষণ এবং শিশু অধিকার রক্ষায় আলাদা অধিদপ্তর গঠন।

পড়ুন- ৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ-হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন