স্কুলের ভবন হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে; কিন্তু শিক্ষার মান যেন বিগত ১৭ বছরের মতো না হয়। অটোপাসের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে পাস করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নতুন কুঁড়ি আসরের ১০টি ইভেন্টেই নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের সেরাটা তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও ফরম পূরণের বিষয়ে তিনি বলেন, টেস্ট পরীক্ষায় যারা প্রথমবার উত্তীর্ণ হবে, তাদের ফরম পূরণের ব্যবস্থা আগে করতে হবে। প্রয়োজনে পরীক্ষার মাত্র দুই দিন আগেও যারা কৃতকার্য হবে, তাদের ফরম পূরণের সুযোগ দিতে হবে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর প্রচলিত রীতিরও পরিবর্তন চান সংসদ সদস্য। তিনি বলেন, অতিথিদের বরণ করতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে না রেখে শ্রেণিকক্ষে পড়াশোনার সুযোগ দিতে হবে। প্রয়োজনে তিনি নিজেই প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ধরনের আনুষ্ঠানিকতা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারির আহ্বান জানান তিনি।
নিজের দায়িত্ব ও জনসেবার বিষয়ে সরোয়ার আলমগীর বলেন, জনগণ তাঁকে ভোট দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। এলাকার মানুষের কাজের জন্য তাঁর বাড়িতে ফাইল নিয়ে যেতে হবে না। যেকোনো প্রয়োজনে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের উদ্বোধনে এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল রাকিব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নানুপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছামিরা বেগম কুমকুম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাছান চৌধুরী। অনুষ্ঠানে সৈয়দ মনজুর কাদেরসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন তাঁরা। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
পড়ুন : পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ


